প্রকাশিত: September 5, 2026
চট্টগ্রামের চন্দনাইশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাসিম কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পারভীন (২১), আনিস (১৯), রোজিনা (২৪), জামাল (২২), কমলী (৩৪), মুক্তা (২৮) ও পেঁচানি (২৮)। তারা চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদের তৃতীয় লিঙ্গের জরিনা (৫২) ও সাতকানিয়া উপজেলার বাজালিয়ার মৌসুমী হামিদের (৩২) গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জরিনা অভিযোগ করেন, একটি বিবাহ অনুষ্ঠান থেকে বকশিস নিয়ে ফেরার পথে মৌসুমী তার দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তাদের চারজন আহত হন। এ ছাড়া মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান জরিনা।
অন্যদিকে মৌসুমী হামিদ অভিযোগ করেন, জরিনার গ্রুপ কিছু রোহিঙ্গাকে তৃতীয় লিঙ্গ সাজিয়ে চাঁদাবাজি করছে। এর প্রতিবাদ করায় কমলী, মুক্তা ও পেঁচানিকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না বলেও জানান। এ ঘটনায় থানায় অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলন করার কথা জানান মৌসুমী।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।