যুবদলকর্মীকে গুলি করে হত্যা, পিস্তলের ভিডিও ভাইরাল

প্রকাশিত: September 5, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তল থেকে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনও নিশ্চিত নয়।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় করিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

 

স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের আনুমানিক ৫-৬ ঘণ্টা পর স্থানীয় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রায়হান আলমের ফেসবুক স্টোরিতে একটি নাইন এমএম পিস্তল থেকে পরপর তিনটি ফাঁকা গুলি ছোড়ার ভিডিও দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ভিডিওটির সময়, স্থান এবং হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উরকিরচরের কেরানিহাটসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা করিমের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। কয়েকটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র তাকে রাউজানের অপরাধচক্রের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছে। তবে এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে বিচারাধীন।

 

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান জানান, উরকিরচরের কেরানিহাট এলাকায় একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত করিমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ছয় থেকে সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

 

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনো কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, রাউজানকেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপগুলোর বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • শেয়ার করুন