প্রকাশিত: September 6, 2026
রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি সোশাল মিডিয়ায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারের ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৫ সেপ্টেম্বর) পরিচালিত এই বিশেষ অভিযানে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ এবং ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং ও চাঁদাবাজ গ্রুপের সদস্য হলেন- মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), মো. রাহিম সিকদার (২২) ও গোলাম রহমান (৩০)। অন্যদিকে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, মেহেরাজ হাসান অন্তর (২০) ও শাকিল আহম্মেদ হৃদয় (২৫)।
পুলিশ জানায়, সম্প্রতি দক্ষিণখান এলাকায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের আধিপত্য বিস্তারের মহড়ার ভিডিও নজরদারিতে আসার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। উত্তরা বিভাগের পুলিশ প্রশাসন কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।