বোরকা পরে জবিতে ঢোকার চেষ্টা, যুবক আটক

প্রকাশিত: September 8, 2026

  • শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় প্রবেশপথ দিয়ে বোরকা পরে ক্যাম্পাসে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ডও পাওয়া যায়। চ্যানেলপ্যাক সাবস্ক্রাইব

 

আটকের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিজের পরিচয় এবং ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিক ধরনের তথ্য দেন।

 

একপর্যায়ে ওই যুবক নিজেকে আনসার সদস্য হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে থাকা একটি আনসার কার্ডে ‘সবুজ হাওলাদার’ নাম লেখা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তিনি দাবি করেন, যাত্রাবাড়ী থানার এক এসআইয়ের সঙ্গে কাজ করেন এবং গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায় মাদকসেবী ও অপরাধীদের শনাক্ত করতে প্রশাসনকে সহযোগিতা করেন।

 

 

তবে বোরকা পরে ক্যাম্পাসে আসার কারণ জানতে চাইলে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমে তিনি বলেন, শিক্ষার্থীদের বিরক্তি এড়াতে বোরকা পরে এসেছেন। পরে দাবি করেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ছদ্মবেশ নিয়েছিলেন।

 

জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন। তাকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি উঠলে তিনি যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন দেওয়ার অনুরোধ করেন। এ সময় নিজেকে একজন নেতার লোক বলেও পরিচয় দেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

তবে ওই যুবকের দেওয়া পরিচয়, আনসার সদস্য হিসেবে তার দাবি কিংবা পুলিশের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্ভরযোগ্য সূত্রে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

আটকের পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ক্ষতি করার উদ্দেশ্য থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • শেয়ার করুন