বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশিত: September 8, 2026

  • শেয়ার করুন

বগুড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার খান্দার এলাকার নীলসাগর পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াদ ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মো. কালামের একমাত্র ছেলে। সে স্থানীয় ঠনঠনিয়া নূরুল উলুম মাদরাসায় পড়াশোনা করত।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেছনের ঈদগাহ মাঠে দুই বন্ধু তানিম ও রাকিবের সঙ্গে খেলছিল সোয়াদ। খেলা শেষে দুপুর দুইটার দিকে তারা পাশের নীলসাগর পুকুরে গোসল করতে যায়। সোয়াদ সাঁতার জানত না। পুকুরে নামার পর সে পানির গভীরে চলে গেলে হঠাৎ তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সোয়াদকে উদ্ধার করেন। পরে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোয়াদের বন্ধু রাকিব বলে, ‘আমরা একসঙ্গে খেলছিলাম। খেলার পর সোয়াদ পুকুরে নামলে পানির গভীরে তলিয়ে যেতে থাকে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পরে ভয় পেয়ে বড়দের ডেকে আনি এবং তার মাকে খবর দিই।’

একমাত্র সন্তানকে হারিয়ে সোয়াদের মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এশা নামাজের পর ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘শিশু মৃত্যুর খবর শুনেছি। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তারা যোগাযোগ করলে বা কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

  • শেয়ার করুন