নেত্রকোণায় ছেলের বটির আঘাতে বাবা খুন, অভিযুক্ত আটক

প্রকাশিত: September 9, 2026

  • শেয়ার করুন

নেত্রকোণার মদনে ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনের (২০) বটির আঘাতে বাবা কুণ্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে মদন থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কুণ্ডু মিয়ার নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে প্রায় দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। বুধবার ভোরে কুণ্ডু মিয়া নামাজ শেষ করে রান্নাঘরে চা বানাতে গেলে ইয়াসিন পেছন থেকে সেখানে যান। এ সময় বাবা ছেলেকে কলা বা অন্য কিছু খেতে বললে ইয়াসিন একটি বটি দিয়ে বাবার ঘাড়ের পেছনে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান কুণ্ডু মিয়া। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ইয়াসিনকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম জানান, আটক ইয়াসিনের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • শেয়ার করুন