প্রকাশিত: September 9, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গোডাউন থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী সদর এলাকার ডাইংপাড়ায় অবস্থিত ‘মেসার্স কৃষি ঘরে’ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির নিবন্ধিত সার ডিলার। অবৈধ সার মজুত ও বিক্রির বিষয়ে তাকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ সার গোডাউনে মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।