প্রকাশিত: September 11, 2026
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
আহতের বড় ভাই জুননুন ভূঁইয়া জানান, আনুমানিক রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ঢোকেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু বলেন, ‘গুলি লেগেছে।’
তবে কে বা কারা, কীভাবে তাকে গুলি করেছে—এ বিষয়ে কিছু বলতে পারেননি আহত উজ্জ্বল ভূঁইয়া।
গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত উজ্জ্বল জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আহত উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল সাত্তার।