মধ্যরাতে বাল্যবিবাহের আয়োজন, ‘খেসারত’ দিলেন কাজী, বর ও মেয়ের বাবা

প্রকাশিত: September 15, 2026

  • শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বিয়ের কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরশহরের ভোগাই সেতুসংলগ্ন কাজী অফিসে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক অভিযানটি চালান।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের আকরাম আলীর ছেলে মারেফতের (১৯) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপনে বিয়ে সম্পন্ন করতে তারা পৌরশহরের ভোগাই সেতুসংলগ্ন কাজী অফিসে যান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ের কাজী মোহাম্মদ সায়েমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

এ ছাড়া বরের বাবা মো. আকরাম আলীকে ১০ হাজার এবং কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

  • শেয়ার করুন