সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি

প্রকাশিত: September 15, 2026

  • শেয়ার করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিকে বাংলাদেশে ঢোকাতে না পেরে শেষ পর্যন্ত নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

 

বিজিবি ও স্থানীয়রা জানায়,সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চালানো হয়। সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন।

 

বিষয়টি টের পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করেন। বিজিবির বাধার কারণে বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।পরে মঙ্গলবার সকালে নদীপথে তাকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

তবে ওই ব্যক্তির পরিচয় এবং তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

  • শেয়ার করুন