প্রকাশিত: September 17, 2026
বাংলা টিভি ডেস্ক: দীর্ঘদিনের দুর্ভোগের পর নতুন সড়কের প্রত্যাশা করেছিলেন রাজশাহীর পবা ও তানোর উপজেলার বাসিন্দারা। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনের কাজ শুরু হলেও এরই মধ্যে ঢালাই করা অংশে ফাটল ও কোথাও কোথাও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রকল্পের নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বাংলাসংবাদ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের নিচের মাটি যথাযথভাবে শক্ত করা হয়নি। প্রয়োজনীয়ভাবে রোলার চালানো হয়নি এবং কোথাও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ঢালাইয়ের পুরুত্বও নির্ধারিত মানের চেয়ে কম বলে অভিযোগ তাদের।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী। তার দাবি, নির্মাণসামগ্রীর মানে কোনো সমস্যা নেই। মূলত সড়কের নিচের মাটি ‘অর্গানিক সয়েল’ হওয়ায় পানি পেলে এর ভার বহনক্ষমতা কমে যায়। ফলে ওপরের অংশের চাপ সামলাতে না পেরে মাটি দেবে যাচ্ছে। এর সঙ্গে অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলও সড়কের ক্ষতির কারণ হয়ে থাকতে পারে বলে জানান তিনি।