রাজধানীতে পারিবারিক কলহে ঘরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: September 20, 2026

  • শেয়ার করুন

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক কলহের জেরে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মো. ইমন (২৫) নামে একজন মারা গেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দগ্ধ অন্যরা হলেন- সিদ্দিক মেম্বার (৬০), তার দুই ভাগ্নে মো. রাজিব (৩৫) ও মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং ভাতিজি তানিয়া (১৭)। রাজিব ও দুলু পেশায় ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

দগ্ধ সিদ্দিকের মেয়ে সুলতানা জানান, তিন দিন আগে ময়লা পানি ফেলা, ঝাড়ু দেওয়া ও চুলায় রান্না করা নিয়ে তার ছোট বোন সাথী ও মামাতো ভাবি সোনিয়ার মধ্যে ঝগড়া হয়।

শুক্রবার ইমন সৌদি আরব থেকে দেশে ফেরেন। ওই ঘটনার জেরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাগের মাথায় ইমন ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ইমনসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, দুলুর ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন ছিলেন।

  • শেয়ার করুন