প্রকাশিত: September 21, 2026
নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা ফার্মেসি’তে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন ও তার সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পাশাপাশি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনা করছিলেন। জব্দকৃত মোবাইল ডিভাইসগুলো পরীক্ষা করে 1xBet, Melbet, CK44.Com ও F11-সহ একাধিক অনলাইন জুয়া এবং বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া এসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্যও পেয়েছে পুলিশ।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে লোভনীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে