প্রকাশিত: September 23, 2026
নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, রবিবার সকালে সায়েম ও মিনহাজ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিক্ষার্থীর ছবি ও তথ্য প্রকাশ করে সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
সায়েমের বাবা জাকির হোসেন বলেন, রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তার ছেলে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সন্তানের সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল নম্বর অনুসরণ করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থান শনাক্ত করা হয়েছিল। এরপর আর অবস্থান শনাক্ত করা যায়নি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।