প্রকাশিত: September 27, 2026
মাদারীপুরের শিবচরে প্রায় ৩০টি মোটরসাইকেলের এক বহরে দুর্ঘটনায় অন্তত ১৫ জন আরোহী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শিবচর উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর স্থানীয় কিশোর ও তরুণরা প্রায় ৩০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে শোডাউনের উদ্দেশ্যে বের হয়। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিল। রাতে বেপরোয়া গতিতে চলাচলের সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার চলে আসলে সামনে থাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
এতে পেছনে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল পরপর একে অপরের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।