প্রকাশিত: October 1, 2026
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, একজন ঢাকা মহানগর শ্রমিক লীগের পদধারী নেতা এবং অপরজন নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
ওসি শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।