প্রকাশিত: March 17, 2026
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।
আইজিপির বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙারির দোকানে বিক্রি করা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাটে ঝড়বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’