থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নাটকের কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য পাহাড়ের ওপর অবস্থান করছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। শুটিং শেষ করে পাহাড় থেকে নামার সময় চিত্রগ্রাহক মেহেদী রনির চালানো স্কুটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে দুজনই পড়ে যান।
দুর্ঘটনার পর শুটিং টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য পাতায়ায় নেওয়া হয়।
খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। বর্তমানে হাঁটতে কষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের এক্স-রে করাতে হবে। শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।
অভিনেতা আরও জানান, চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছড়ে গেছে এবং তিনিও বেশ আহত হয়েছেন। দুজনেরই চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিং শুরু করেছিলেন তিনি। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।
দুর্ঘটনার কারণে আগামী কয়েকদিনের শুটিং আপাতত স্থগিত রাখতে হচ্ছে বলে জানিয়েছেন খায়রুল বাসার।