প্রকাশিত: November 8, 2026
চট্টগ্রামে ‘ফ্যাশন ভ্যানগার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে অভিনেত্রী পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের তোপের মুখে আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ অনুষ্ঠানটি আগামী ২৮ নভেম্বর নগরীর খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে হওয়ার কথা রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।
খালেদ সুমন বলেন, ‘ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে তাকে বিষয়টি জানানো হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।’
এ মিডিয়া কো-অর্ডিনেটর বলেন, ‘এ অনুষ্ঠানে অনেক আর্টিস্ট আসবে। পরীমনির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা শবনম বুবলী আসতে পারেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়।’
এদিকে শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছেন— ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
সেই পোস্টারটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেক সাংবাদিক আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পরীমনির সেই পোস্টারটি শেয়ার করে সামাজিক মাধ্যমে লিখেছেন— ‘সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত।’ পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।
উল্লেখ্য, অভিনেত্রী বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ— ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ— ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে ফোন ফেরত দেন।