অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার, বিপুল সিম-চেকবই জব্দ

প্রকাশিত: August 13, 2026

  • শেয়ার করুন

অনলাইন বেটিং ও জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত নরসিংদীর রায়পুরা ও মনোহরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট। গ্রেফতার ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) ও আইয়ুব হোসেন রিপন (৪৮)। তাদের সবার বাড়ি নরসিংদী জেলায়।

সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশের ভেতরে ও বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এসব সাইটে অর্থের বিনিময়ে জুয়ার আয়োজন করা হতো। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চালানো হতো প্রচারণা।

  • শেয়ার করুন