প্রকাশিত: August 15, 2026
বলিউড তারকা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করার পাশাপাশি গোবিন্দের সঙ্গে কথিত সম্পর্কের গুঞ্জনে থাকা তরুণী কোমল রানি স্বর্ণকারকেও তীব্র মন্তব্য করেছেন সুনীতা।
সম্প্রতি বিমানবন্দরে গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়ে। ওই তরুণীর নাম কোমল রানি স্বর্ণকার। তাকে অনেকেই গোবিন্দের কথিত প্রেমিকা হিসেবে দাবি করছেন।
এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সুনীতা আহুজা। গোবিন্দ ও কোমলের ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
সুনীতা বলেন, আগে তো ছবিটা তৈরি হতে হবে, এরপরই প্রচার হবে। তবে প্রচার ছাড়াই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আর কী বলার আছে—এমন মন্তব্য করেন তিনি।
স্বামীর রুচিবোধ নিয়েও বিস্ময় প্রকাশ করেন সুনীতা। তার দাবি, মেয়ের বয়সী একটি তরুণীকে নিয়ে ঘোরাফেরা করার বিষয়টি তার কাছে অস্বস্তিকর।
এরপরই গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন সুনীতা। একই সঙ্গে কথিত প্রেমিকা কোমলকে উদ্দেশ করে তিনি বলেন, তার ‘সুগার ড্যাডি’ যেহেতু এত ধনী, তাই অন্তত ভালো পোশাক পরা উচিত।
অন্যদিকে, ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কোমল রানি স্বর্ণকার একজন অভিনেত্রী হলেও এতদিন তেমন পরিচিত মুখ ছিলেন না। গোবিন্দের সঙ্গে তার নাম জড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, গোবিন্দের নতুন সিনেমা ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’-তে কোমলকে অভিনয় করতে দেখা যেতে পারে। তবে তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে নতুন এই মন্তব্যের পর বলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।