প্রকাশিত: September 8, 2026
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পরিবারের সদস্যসহ হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে হামলার পর স্থানীয় পুলিশের সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি। এবার ওই হামলার ঘটনায় থানায় মামলা করার ঘোষণা দিলেন এ অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন অভিনেত্রী বাঁধন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি। একই সঙ্গে যারা এ ঘটনার পর তার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন―তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
আজমেরী হক বাঁধন
বাঁধন বলেন, আমার সঙ্গে গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী বলে পরিচয় দেয়া যারা ঘটনাটি ঘটিয়েছেন। সেই জায়গা থেকে অনেক মানুষ আমাকে ফোন করছেন, খোঁজ নেয়ার চেষ্টা করছেন- আমি কেমন আছি, কোথায় আছি, কীভাবে আছি, আমি ঠিক আছি কি-না। তবে আপনাদের শুধু এটা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি।
এ অভিনেত্রী নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, আমি আমার মাথা কখনো নত করিনি এবং সেটা করতে ভুলেও যাইনি। এত সহজ না আমাকে ভেঙে ফেলা। আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গত রাতে তারা আমাকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে।
আজমেরী হক বাঁধন
হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস থেকেও সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বাঁধন বলেন, আমাদের যে অ্যাম্বাসি আছে, বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসেডর যিনি আছেন, আমাকে ফোন করেছেন উনি। সেই অফিস থেকে লোক আসছে। উনাদের সঙ্গে এখন থানায় যাচ্ছি আমি, কেস ফাইল করার জন্য।
ভেনিসে পরিবারের সদস্যসহ নিজের ওপর হামলার ঘটনায় তাদের কাছে প্রমাণ থাকার দাবিও করেছেন বাঁধন। তিনি বলেন, আমাদের কাছে যেহেতু সব এভিডেন্স রয়েছে এবং আমরা ইতোমধ্যে অনেককে আইডেন্টিফাই করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া তার এই বিপদের সময় পাশে দাঁড়ানো দেশ-বিদেশের মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
আজমেরী হক বাঁধন
তিনি বলেন, আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশি। কেননা, আমার বিপদে আমার দেশের মানুষ পাশে দাঁড়িয়েছে। এ জন্য অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
এ তারকা জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথাও জানান। তার ভাষ্যমতে―জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আমি যেটা মনে করি, আমার জীবনে নেয়া কিছু সঠিক সিদ্ধান্তের মধ্যে এটি একটি। আর আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা।
আজমেরী হক বাঁধন
এ অভিনেত্রী বলেন, শুধু আমি, আমার ভাই ও তার পরিবার এবং তার ছোট সন্তান যেভাবে হ্যারাজড হয়েছে, এর জন্য মারাত্মকভাবে আপসেট। আমার কারণে আমার ছোট ভাই, তার স্ত্রী এবং তিন বছরের সন্তান যেভাবে অ্যাসল্টেড হয়েছে, তা ন্যক্কারজনক।
সবশেষ বাঁধন আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এর শেষটা দেখে ছাড়ব আমি।