প্রকাশিত: September 26, 2026
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর জন্য ১০ টাকার বিনিময়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আবদুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক বছর পাঁচ মাস পর তাকে গ্রেপ্তার করা হলো।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন।
আবদুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। শুক্রবার ভোরে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকা দেয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আবদুল হাকিম। তার কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দিলে পায়ে লোহার তারকাঁটা ঢুকে গুরুতর আহত হয়।
পুলিশ জানায়, ঘটনার পর আবদুল হাকিম সৌরভকে বিষয়টি কাউকে না জানাতে নিষেধ করেন। পরে সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন সৌরভের মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় আবদুল হাকিমকে আসামি করে মামলা করেন। মামলা হওয়ার পর থেকে হাকিম আত্মগোপনে ছিলেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘মামলা হওয়ার পর হাকিম আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পাঁচ মাস পর তার এলাকায় আসার খবর পেয়ে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’