‘পায়ের ব্যথায়’ আদালতে হাজির হননি পরী মণি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

প্রকাশিত: September 29, 2026

  • শেয়ার করুন

মাদক মামলায় চিত্রনায়িকা পরী মণির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ আবেদন করা হয়েছে। এদিন পরী মণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। তিনি দাবি করেন, পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় আসামি পরী মণি আদালতে হাজির হতে পারেননি।

সময়ের আবেদনে বলা হয়, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরী মণি অসুস্থ ছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সময়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি পরী মণির জামিন বাতিলের পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি করার আবেদন জানান। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও নাকচের দাবি করেন।

এদিন বিচারক আগামী ১৭ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। এরপরে বিচারক পরী মণির সময়ের আবেদন মঞ্জুর করেন এবং অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়।

এদিন মামলার অপর দুই আসামি পরী মণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।

নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ৪ আগস্ট পরী মণির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করা হয়। গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • শেয়ার করুন