প্রকাশিত: September 28, 2026
নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর নিধি তিওয়ারির। গত ২৬ সেপ্টেম্বর তার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর ভূসা মোড়ে নিধির নিজ বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে তার পরিবারের দাবি ভিন্ন। পরিবারের সদস্যরা বলছেন, সেদিন সন্ধ্যায় মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন নিধি। এর কিছুক্ষণ পরই আত্মহত্যা করে সে।
পুলিশ জানিয়েছে, নিধির মৃত্যুর আগের কথোপকথন এবং অন্যান্য পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে আত্মহত্যার কারণ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সতর্ক করেছেন পুলিশ কর্মকর্তারা। মোবাইলের কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রম এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
মোরওয়া থানার ইনচার্জ ড. জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, তারা নিধির পরিবার, পরিচিতজন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন।
স্থানীয় অধিবাসীদের মতে, নিধি অভিনয় ও চলচ্চিত্র শিল্পে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। নিজের পরিচিতি বাড়ানোর জন্য এবং স্বপ্ন পূরণ করতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মডেলিং, বিভিন্ন অনুষ্ঠান এবং ডিজিটাল কনটেন্ট তৈরিতে বেশ সক্রিয় ছিলেন।
ফেসবুক ও ইনস্টাগ্রামে মোট ১৬ লাখ ফলোয়ার ছিল নিধির। এর মধ্যে ফেসবুকে ছিল প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে ছিল প্রায় ৭ লাখ অনুসারী। তার ফেসবুক ও ইনস্টাগ্রামের পোস্টগুলোয় নিয়মিত হাজার হাজার রিঅ্যাকশন আসত এবং ভিডিওগুলো বেশ ভিউ হতো। ২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব লাভ করেন তিনি। তারপর থেকে মডেলিং ও অভিনয়ের জগতে ক্যারিয়ার গড়ার চেষ্টা চালাচ্ছিলেন এ তরুণী ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর।