নোয়াখালীতে দুই যুবককে কারাদণ্ড

প্রকাশিত: October 4, 2026

  • শেয়ার করুন

নোয়াখালীতে প্রকাশ্যে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ অক্টোবর) বিকেলে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেয়া হয়।

নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীর উৎসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মধুপুর, দত্তের হাট, মাইজদী বাজার, আয়কর অফিস এলাকা ও হাপার গোড়া এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুইজনকে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মো. ফায়েক আদনান (৩০) এবং সোনাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মো. আনোয়ার হোসেন সাদ্দাম (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত মো. ফায়েক আদনানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আনোয়ার হোসেন সাদ্দামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন