প্রকাশিত: October 4, 2026
নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি বহুল আলোচিত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রঞ্জু শহরের আল্লামা ইকবাল রোডের কবির হোসেনের ছেলে।
এসআরবি-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জের সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই চাঁদপুর জেলার মতলবের বাসিন্দা ও পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. জামাল (৪০) নিখোঁজ হন। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়া থাকতেন। নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে জামালের বস্তাবন্দি বা পচা লাশ উদ্ধার করে পুলিশ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৪ আগস্ট নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় রঞ্জুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই রায়ে অন্য এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর থেকেই আসামি রঞ্জু পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ‘গালপোড়া রঞ্জু’ নারায়ণগঞ্জ শহরের বহু আলোচিত হত্যা, লাশ গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।