প্রকাশিত: October 6, 2026
খুলনার খানজাহান আলী থানার আফিল গেট ল্যাটেক্স মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৫০) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত এক পরিদর্শক নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমান রাতে শিরোমণি এলাকা থেকে মোটরসাইকেলে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খুলনা-যশোর মহাসড়কের ল্যাটেক্স কারখানার সামনে পৌঁছালে খুলনামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।