পোশাক নিয়ে বিতর্কের পেছনে কোন বিষয়কে দায়ী করলেন কৃতি

প্রকাশিত: October 25, 2026

  • শেয়ার করুন

মাসখানেক আগে একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনা, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল। সেই বিতর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তার দাবি, এই বিতর্ক শুধু তার পোশাক নিয়ে নয়, এর পেছনে রয়েছে নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক মনোভাব।

সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোয়ে অতিথি হন কৃতি। সেখানে বিজ্ঞাপন ঘিরে বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণা নিয়ে কথা বলেন তিনি। জানান, যারা ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, তাদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা-মা ও বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন।

প্রশ্ন তুলে কৃতি বলেন, ‘এত ঘৃণা কেন! আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনো কখনো মানুষ সংস্কৃতি ও সম্মানের কথা বলেন। আশ্চর্যের বিষয়, তারা আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা, অকথ্য ভাষায় মন্তব্য করেছেন।’

কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম

কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম

বোনে কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ করে রাখার পরামর্শও পেয়েছিলেন কৃতি। কিন্তু সেটা তিনি করেননি। কৃতির কথায়, ‘আমার বোনসহ অনেকে আমাকে মন্তব্যের ঘর বন্ধ করে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি সেটা করিনি। আমার মনে হয়, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি। এই মানুষগুলোকে কে অধিকার দিয়েছে এমন মন্তব্য করার? আর কিসের ভিত্তিতে এমন কথা বলেন তারা?’

রাখির বিজ্ঞাপন ঘিরে বিতর্কের প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর মতে, বিষয়টি শুধু তাকে নিয়ে নয়, এর পেছনে আরও বড় সামাজিক সমস্যা রয়েছে।

কৃতি বলেন, ‘সাধারণত আমি কোনো বিষয়ে কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, এই বিতর্কটা শুধু আমাকে নিয়ে নয়। এর পেছনে আরও বড় একটা বিষয় রয়েছে। আমার মনে হয়, নারীদের সব সময় সবকিছুর জন্য বিচার করা হয়। ছোটখাটো বিষয়েও শুধু নারীদের নিশানা করা হয়। কী পোশাক পরবে, সে খুব বেঁটে না লম্বা, সে অন্তঃসত্ত্বা কি না—এগুলো কী? তবে এটা একান্তই আমার মতামত।’

কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম

কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম

সমাজে নারী-পুরুষের বৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়েও সরব হয়েছেন কৃতি। অভিনেত্রী বলেন, ‘অভিনেতারা সবচেয়ে সহজ নিশানা। একাধিক মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমরাও মানুষ, এ সব আমাদেরও আঘাত করে। সমাজে যে লিঙ্গবৈষম্য রয়েছে এবং পিতৃতান্ত্রিক মানসিকতা যে ভাবে গভীরভাবে শিকড় তৈরি করেছে, তা নিয়ে আমি খুবই সরব। এই মানসিকতা ভাঙতে হলে বারবার আঘাত করতে হবে, তবেই তা ভাঙবে।’

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। সূত্র: আনন্দবাজার অনলাইন

  • শেয়ার করুন