প্রকাশিত: July 29, 2025
যশোরে অনলাইন জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে হৃদয় দেব (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অনলাইন জুয়ায় হেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চুড়ামনকাটি বাজারের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। হৃদয় ওই ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার জানায়, হৃদয় প্রতিদিনের মতো এদিন সকালেও নাস্তা করে বাড়ি থেকে ফার্মেসির উদ্দেশ্যে বের হন। কিছুক্ষণ পর ফার্মেসির মালিক ইসমাইল হোসেন দোকান বন্ধ দেখতে পেয়ে সন্দেহ করেন। তিনি শাটার তুলে ভিতরে উঁকি দিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।
পরিবারের দাবি, হৃদয় সম্প্রতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন এবং জুয়ায় পরপর হেরে যাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন। পরিবারের সদস্যরা আত্মহত্যার জন্য এটিকে মূল কারণ হিসেবে মনে করছেন।
ফার্মেসির মালিক ইসমাইল হোসেন বলেন, “হৃদয় প্রতিদিন সকালেই দোকান খোলে। আজ শাটার বন্ধ দেখে আমি অবাক হই। ভেতরে উঁকি দিয়ে দেখি সে ফাঁস দিয়েছে।”
নিহতের বাবা বাসু দেব জানান, “ছেলে জুয়ায় লিপ্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা তাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে নিজেকে সামলাতে পারেনি।”
ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “স্থানীয়রা পুলিশ আসার আগেই মরদেহ নিচে নামিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”