প্রকাশিত: September 24, 2025
খুলনায় ট্রেনের ধাক্কায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার বিভাগের ছাত্র শাকিলের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল দিনাজপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। সে খুলনার বৈকালী এলাকার একটি মেসে বসবাস করত।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বেতনা কমিউটার ট্রেনটি বেনাপোল থেকে খুলনার দিকে আসছিল। এ সময় শাকিল রেললাইনের পাশে হাঁটছিলেন। দ্রুতগামী ট্রেনটি আসছে তা তিনি টের পাননি। ট্রেনের ধাক্কায় তিনি পাশে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জংশন স্টেশন মাস্টার পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।