প্রকাশিত: October 28, 2025
খুলনার দৌলতপুরে ২০০৯ সালের আলোচিত জোড়া হত্যার মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণা করেছেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ৩ জানুয়ারি। দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে স্থানীয়দের ওপরও গুলি চালানো হয়। এ সময় সুপর্ণা সাহাসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর সুপর্ণা সাহাও মারা যান।
পরবর্তীতে পারভেজের বাবা নিজাম উদ্দিন ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মঙ্গলবার আদালত শেষ রায় ঘোষণা করে।