প্রকাশিত: March 28, 2026
দক্ষিণ ইরানের মিনাব শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন স্কুলছাত্রীর স্মরণে এক আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছে ইরান জাতীয় ফুটবল দল।
শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের আনতালিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ শুরুর আগে ইরানি ফুটবলাররা নিহত শিক্ষার্থীদের স্মৃতির উদ্দেশ্যে গোলাপি ও বেগুনি রঙের স্কুলব্যাগ হাতে নিয়ে মাঠে প্রবেশ করেন এবং জাতীয় সংগীতে অংশ নেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত সবার প্রতি শোক জানাতে ফুটবলাররা হাতে কালো আর্মব্যান্ডও পরেছিলেন।
তুরস্কের আনতালিয়ায় রুকধার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে অবশ্য নাইজেরিয়ার কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে ইরান। খেলার ৪৬ মিনিটে মোসেস সিমেনের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া এবং ৫১ মিনিটে একর আডামস ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৭ মিনিটে মেহদি তারেমি ইরানের পক্ষে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি।
এই ম্যাচটি মূলত আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল।