প্রকাশিত: August 10, 2026
কেরানীগঞ্জ :
দীর্ঘদিনের ময়লার স্তূপে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্ভোগে পড়ছিলেন ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। অবশেষে ‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগ জানানোর পর একদিনের মধ্যেই কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে, কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ‘হ্যালো ডিসি’ অ্যাপে পাওয়া অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়।
স্থানীয়রা জানান, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার বাসাবাড়ির বর্জ্য দীর্ঘদিন ধরে খালের পাড় ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। একপর্যায়ে সেখানে বড় ধরনের ময়লার স্তূপ তৈরি হয়। বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি খালের পানি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল।
কলাতিয়া উচ্চ বিদ্যালয়টি ময়লার স্তূপের পাশেই হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের দুর্গন্ধ ও আবর্জনার পাশ দিয়ে চলাচল করতে হতো। একই কারণে পথচারী ও আশপাশের বাসিন্দারাও দুর্ভোগ পোহাচ্ছিলেন।
এ অবস্থায় বিষয়টি ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আনেন স্থানীয়রা। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। পরে খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা অপসারণ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়।
ময়লা অপসারণের পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকরভাবে এর সমাধান হচ্ছিল না। অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
জেলা প্রশাসন জানিয়েছে, নাগরিকদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মে পাওয়া অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।