আগারগাঁওয়ে দালালবিরোধী অভিযানে ৫ পাসপোর্ট দালাল আটক

প্রকাশিত: August 10, 2026

  • শেয়ার করুন

ঢাকা :

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। পরে র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই দালালকে ১৫ দিন করে, দুইজনকে ১০ দিন করে এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব-২-এর উপ-পরিচালক মেজর এমন মুবীন রহমান তাপস জানান, সংঘবদ্ধ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পাশের ব্যাংকে টাকা জমা দিতে আসা পাসপোর্টপ্রার্থীদের টার্গেট করছিল।jagonews24.com

তারা পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুয়া কাগজপত্রের ব্যবস্থা এবং অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। প্রস্তাবে রাজি না হলে আবেদনকারীদের বিভিন্নভাবে হয়রানি ও বিরক্ত করা হতো বলেও জানান তিনি।

র‌্যাব জানায়, দালালদের উপদ্রব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালালেও তাদের তৎপরতা অব্যাহত ছিল। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে আটক করা হয়।

আটকদের স্বীকারোক্তি ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। র‌্যাব জানিয়েছে, পাসপোর্ট অফিস এলাকায় দালালচক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন