সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সপ্তাহের একটি দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে টিকিট লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের জন্য টিকিট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

তিনি জানান, শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে দেশের সব স্কুলের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নয়, ঢাকার জাতীয় জাদুঘরেও সরকারি ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অন্যান্য জাদুঘরেও একই ধরনের কার্যক্রম চালু করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের পরিদর্শনের সুযোগ তৈরি করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুরুতে মানুষের প্রচণ্ড আগ্রহের কারণে সাময়িকভাবে কিছু ব্যবস্থাপনা সমস্যা হয়েছিল। পরে তা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বর্তমানে শৃঙ্খলার সঙ্গে দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করছেন।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের পাশাপাশি জাদুঘর পরিদর্শনে আরও আগ্রহী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

  • শেয়ার করুন