শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত সরকার ‘পর্যালোচনা করছে’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার মামলার নথিসহ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তসংক্রান্ত নথি ভারত সরকারের কাছে পাঠিয়েছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি একটি আইনি বিষয় এবং এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। দেশটির নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে ভারতে আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তী সময়ে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় আসে বলে জানা গেছে।

  • শেয়ার করুন