হাদি হত্যা মামলার দুই আসামি হস্তান্তর নিয়ে ভারতের নতুন বার্তা

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন
আন্তর্জাতিক ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে অবস্থানরত দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়েও নিজেদের অবস্থান জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দেশটির প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় আসার একদিন পর ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশগ্রহণের আমন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের বিষয়টি নতুন করে আলোচনায় আসায় ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

  • শেয়ার করুন