‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ সফর ভারত-বাংলাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত নিয়মিত কার্যক্রমের অংশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’-এর প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এ নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই। সফর শেষে সরকার এ বিষয়ে কোনো বিবৃতি দিতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ‘ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা’ থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতের সম্মান দেখানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের বাইরে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

অন্যদিকে, জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

সরকারের বিভিন্ন কার্যক্রম, ভারত-বাংলাদেশ সম্পর্ক, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি খাতসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

  • শেয়ার করুন