কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ বুধবার (১২ আগস্ট) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করায় নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্যের পুরো ডিস্ক ঢেকে যাবে। ফলে দিনের বেলাতেই কয়েক মুহূর্তের জন্য নেমে আসবে রাতের মতো অন্ধকার।

নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হয়ে নির্দিষ্ট অঞ্চলে পূর্ণগ্রাস তৈরি করবে।

এবারের পূর্ণগ্রাসের ছায়াপথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। স্থানভেদে পূর্ণগ্রাসের স্থায়িত্ব প্রায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটের কিছু বেশি হতে পারে।

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। বিশেষ করে স্পেনের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিম পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগে পূর্ণগ্রাস দেখার বিরল সুযোগ তৈরি হতে পারে।

পূর্ণগ্রাসের মূল পথের বাইরে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যেতে পারে। তবে আবহাওয়া পরিষ্কার না থাকলে অনেক স্থান থেকেই গ্রহণের দৃশ্য বাধাগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ থেকে দেখা যাবে না

বাংলাদেশের জন্য এবারের সূর্যগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো—দেশের আকাশ থেকে এই পূর্ণগ্রাস দেখা যাবে না। গ্রহণের মূল পথ উত্তর আটলান্টিক ও ইউরোপকেন্দ্রিক হওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চল এর দৃশ্যমানতার বাইরে থাকবে।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল করে। চাঁদের ছায়ার কেন্দ্রীয় অংশে সূর্যের পুরো ডিস্ক ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন অঞ্চল থেকে দেখা যায়।

এবারের গ্রহণকে ঘিরে ইউরোপের বিভিন্ন এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে স্পেনের মূল ভূখণ্ডে দীর্ঘ সময় পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা থাকায় ঘটনাটি নিয়ে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।

সূর্যগ্রহণ দেখার সময় সতর্কতা

সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। নিরাপদ ও অনুমোদিত সৌরদর্শন চশমা বা উপযুক্ত সৌর পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞদের নির্দেশনা ছাড়া সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বাংলাদেশ থেকে সরাসরি দেখা না গেলেও ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলের জন্য এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা।

  • শেয়ার করুন