জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু হচ্ছে : মাহদী আমিন
প্রকাশিত: August 12, 2026
শেয়ার করুন
জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু হচ্ছে : মাহদী আমিন
প্রকাশিত:
ঢাকা:
পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
মাহ্দী আমিন বলেন, প্রাথমিক পর্যায়েই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করা হচ্ছে। এ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ইতোমধ্যে একাধিক আলোচনা ও পরামর্শ হয়েছে।
তিনি বলেন, উদ্যোগটি প্রথমে বিভাগীয় পর্যায়ে শুরু হবে। পরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। জেলা পর্যায়ে স্থানীয় নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের একই প্ল্যাটফর্মে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এ ক্ষেত্রে অনলাইন ও অফলাইন—দুই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
সরকারি এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি খাতকেও সরাসরি সম্পৃক্ত করা হবে।
মাহ্দী আমিন বলেন, দেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থাকলেও কর্মসংস্থানের চাহিদা ও জোগানের মধ্যে সরাসরি সমন্বয় তৈরির কার্যকর কাঠামো এতদিন ছিল না। ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এর মাধ্যমে সেই ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে তিনি বলেন, সমাজের কোনো নাগরিক যেন জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সুবিধাবঞ্চিত মানুষকে জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমানের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রশাসনিক জবাবদিহি ও দায়বদ্ধতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, সংসদ সদস্য মাধবী মারমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।