রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৮৫, তেজগাঁওয়ে ৫৩, মিরপুরে ১০১, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৪৩, গোয়েন্দা বিভাগে ১৭ এবং সিটিটিসির অভিযানে ৭ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ওজনের তিন পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
এ সময় আরও উদ্ধার করা হয়েছে ৫ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও একটি খেলনা পিস্তল। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।