প্রকাশিত: August 14, 2026
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ দেশে পরিণত করতে হলে রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচনের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। এ লক্ষ্যে দেশে এক শান্তিপূর্ণ বিপ্লবের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সাথে দেশের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে পারে এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ চরিত্রের’ মানুষদের নাম প্রস্তাব করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
ভিডিও বার্তায় লাদাখের এই কর্মী জানান, তিনি বিগত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এবং এ সময় ভারতের অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন। মাথাপিছু জিডিপির দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ৫০ বছর আগে যে প্রতিবেশী দেশগুলো আমাদের পেছনে বা সমপর্যায়ে ছিল, তারা এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ভারত উন্নত দেশ হতে পারবে না।