প্রকাশিত: August 14, 2026
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। তবে নানা জটিলতায় এখনো দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সফর নিয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, শেষ পর্যন্ত সফরটি পিছিয়ে দিতে পারে ভারত। ফলে ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিরিজটি আয়োজনের বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর। সরকারের সবুজ সংকেত মিললেই বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন। তার ভাষায়, সরকার অনুমতি দিলেই বাংলাদেশে যাবে ভারতীয় দল। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা চলছে। তবে সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই সফর নিয়ে সবকিছু নিশ্চিত করা হবে।
ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এখনো সিরিজের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সরকারের অনুমতি মিললে দ্রুত সূচি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এরই মধ্যে বাংলাদেশের মাটিতে ভারতের একটি নির্ধারিত সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া নিয়েও দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছিল।
বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। কিন্তু বাংলাদেশের সতর্কতার মধ্যেই ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নতুন করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
ফলে বাংলাদেশ সফর নিয়ে এখন ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে দুই দেশের ক্রিকেট মহল। অনুমতি মিললেই সিরিজের সূচি ও অন্যান্য বিষয় দ্রুত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।