প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসা থেকে সড়কপথে তিনি কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
- সকাল ১১টা ৩০ মিনিট: পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।
- দুপুর ১২টা ৩০ মিনিট: কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন।
- দুপুর ১টা: আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ।
- দুপুর ২টা ৩০ মিনিট: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
- বিকেল ৩টা ১৫ মিনিট: সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ।
- বিকেল ৪টা: পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ।