ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিক্ষোভকারীদের, বাসভবন ঘেরাওয়ের হুমকি

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন তারা।

শনিবার (১৫ আগস্ট) আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করবেন।

‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর মুখপাত্র পীযূষ সিং বলেন, নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়মের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি জানান, এতদিন শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকারের পক্ষ থেকে গুরুত্ব না পাওয়ায় এবার কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল এবং সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট থেকে কংগ্রেসের সমর্থন প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।

শনিবার আন্দোলনের ২২তম দিনে শিক্ষার্থীরা ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের দাবি, নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে।

  • শেয়ার করুন