আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে।
আজ যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্রগুলো যথাযথভাবে দাখিল হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা প্রার্থীদের স্বাক্ষর যাচাইয়ে সহযোগিতা করবেন।
ইসি জানিয়েছে, ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।