ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করে আগামী দিনে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ব্যবসা সহজ করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা, বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সার্ভিস চালু এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের বৈদেশিক নীতির মূল কথা ‘সবার আগে বাংলাদেশ’। ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারত পূর্ণ সহযোগিতা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আগস্টের মধ্যে চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনার পর বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি আগস্টের শেষ নাগাদ এ জটিলতার অবসান হতে পারে। শ্রমবাজার চালু হলে পরবর্তী চার মাসে এক লাখের বেশি বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই পবিত্র রমজান ও দুটি ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করাকে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।

  • শেয়ার করুন