ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় পড়াশোনার জন্য দেওয়া স্টুডেন্ট ভিসা একটি অস্থায়ী অনুমতি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন কানাডার আলবার্টা প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP) পেতে নানা সমস্যার অভিযোগের মধ্যে আন্দোলন চলার সময় তিনি এ মন্তব্য করেন। এসব আন্দোলনে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যানিয়েল স্মিথ বলেন, কানাডায় পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা সবসময়ই অস্থায়ী নথি হিসেবে বিবেচিত হয়ে আসছে। পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জিত শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশে ফিরে যেতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

পোর্টাজ কলেজের একদল শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর PGWP পেতে সমস্যার অভিযোগ করেছেন। এ বিষয়ে স্মিথ বলেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়ে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ নিয়ে বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রাম পরিচালনা করেছেন। তবে পোর্টাজ কলেজকে ‘ডিপ্লোমা মিল’ হিসেবে অভিহিত করার বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন।

স্মিথের মতে, কানাডার অভিবাসন ব্যবস্থায় স্পষ্ট ও নির্দিষ্ট নিয়ম থাকা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বুঝতে হবে, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বা স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত হয় না।

কানাডার অভিবাসন কর্তৃপক্ষও শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্সের যোগ্যতা এবং পড়াশোনা শেষে কাজের অনুমতির নিয়ম ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়ার দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

  • শেয়ার করুন