স্বৈরাচারী সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রকাশিত: August 16, 2026
শেয়ার করুন
স্বৈরাচারী সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য আগের আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি বলেন, সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগামী ১০ বছরের পরিকল্পনা আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে পুঁজি করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কিশোরগঞ্জ সফরের শুরুতে পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। জনগণের ভাগ্যের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।